ডেটা সুরক্ষা ও নিরাপত্তা আইন করবে সরকার
শিগগিরি ডেটা সুরক্ষা ও নিরাপত্তা আইন করতে যাচ্ছে সরকার। মঙ্গলবার হোটেল সোনারগাঁয়ে ৩৩তম সিএসিসিআই সম্মেলনে টেকনোলজিস ট্রান্সফরর্মিং ইকনোমিকস শীর্ষক প্লেনারি সেশনে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
তিনি বলেন, বাংলাদেশে প্রযুক্তি নিরাপত্তা নিশ্চিত করতে ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করা হয়েছে। সেজন্য ডেটা নিরাপত্তা ও প্রাইভেসি অ্যাক্টের প্রয়োজনীয়তা রয়েছে। গ্রাহকদের ব্যক্তিগত তথ্য কোম্পানিগুলো যাতে লাগামহীন ভাবে ব্যবহার করতে না পারে সেজন্যে এই আইন করা হবে।
বক্তব্যে মোস্তাফা জব্বার বলেন, ফাইভ -জি প্রযুক্তি কেবল মোবাইলে কথা বলা কিংবা ইন্টারনেট ব্রাউজ করার প্রযুক্তি না। বিদ্যুৎ এবং গ্যাসের মতই শিল্পের জন্য এই প্রযুক্তি অত্যাবশ্যক। ফাইভ - জি প্রযুক্তি হচ্ছে আইওটি, বিগডাটা, রোবটিক প্রযুক্তির মহাসড়ক। ২০২১ সালে বাংলাদেশ প্রযুক্তির এই মহাসড়ক উন্মোক্ত করবে। এরই মধ্য দিয়ে প্রযুক্তিতে ৩২৪ বছরের পশ্চাৎপদতা কাটি প্রযুক্তি দুনিয়ার সাথে বাংলাদেশ সমান্তরালে চলার যোগ্যতায় উপনীত হবে।
মন্ত্রী বলেন, তিনিটি শিল্প বিপ্লব আমরা মিস করেছি, এবার আমরা মিস করতে পারি না।তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, প্রযুক্তিকে আমরা আমাদের প্রয়োজনে, আমাদের জন্য, আমাদের মত করে ব্যবহার করবো। ফাইভজি হচ্ছে একটি শিল্প বিপ্লবের মহাসড়ক। যথা সময়ে আমরা এই মহাসড়ক নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করেছি।
সিএসিসিআই এর ভাইস প্রেসিডেন্ট পিটার মেক মুলিন এর সঞ্চালনায় হাঙগরিনাকি ডট কমের সিইও আহমেদ এডি, মীর টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মীর নাসির হোসাইন, সিআইইসি এর ভাইস প্রেসিডেন্ট হিরুশী মাসুমুরা এবং সেন্টার ফর গ্রীন ইকনোমি এর রিসার্স ফেলো ড. লিনচুয়ান বক্তৃতা করেন।